ধোনিকে আইপিএল থেকে বাদ দেওয়ার সাহস কারও নেই! গৌতম গম্ভীরের উদ্দেশ্যেই কি এ কথা বললেন এই প্রাক্তন ক্রিকেটার?
বয়স বেড়েছে। তাই আসন্ন আইপিএলে ধোনি নাকি সব ম্যাচ খেলবেন না, এমনই একটা সম্ভাবনা তৈরি হয়েছে।

টি-২০ বিশ্বকাপ জেতার পরে পরেই ভারতের কোচ গৌতম গম্ভীর এবং অধিনায়ক সূর্যকুমার যাদব স্পষ্ট করে দিয়েছিলেন যে, দলে এবার তারকাপুজোর দিন শেষ। তাই এই প্রশ্ন এবার আইপিএলের ক্ষেত্রেও উঠতে দেখা গেছে। প্রশ্ন উঠছে, এবারের আইপিএলেও কি সেই জিনিস দেখা যাবে? এ প্রসঙ্গে সন্দেহপ্রকাশ করেছেন চেন্নাইয়ের এই প্রাক্তন ক্রিকেটার। তাঁর মতে, মহেন্দ্র সিংহ ধোনিকে বাদ দেওয়ার সাহসই নাকি কারও নেই।
কেন ধোনিকে আইপিএল থেকে বাদ দেওয়া যাবে না?
বয়স বেড়েছে। তাই আসন্ন আইপিএলে ধোনি নাকি সব ম্যাচ খেলবেন না, এমনই একটা সম্ভাবনা তৈরি হয়েছে। কিন্তু চেন্নাইয়ে প্রাক্তন সুব্রহ্মনিয়ম বদ্রীনাথ এবার এ বিষয়ে জানালেন, ধোনিকে বসানোর সাধ্য কোনও কোচেরই নেই। তাই আইপিএলে সব ম্যাচেই খেলতে দেখা যাবে তাঁকে।
আইপিএলের সব ক’টি মরসুম খেলেছেন ধোনি। ১৯-তম মরসুম খেলতে নামছেন এই বার তিনি। বয়সের কারণে ব্যাটিংয়ে যথেষ্ট ঘাটতি দেখা গিয়েছে। কিন্তু অবাক করা বিষয় হল উইকেটকিপিংয়ের দক্ষতা সেই আগের মতোই রয়েছে তাঁর। যদিও মনে করা হচ্ছে, ধোনিকে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হিসাবে ব্যবহার করা হতে পারে। এছাড়া সঞ্জু স্যামসনকে দলে নেওয়ার কারণে কিছু ম্যাচে বসানোও হতে পারে।
কী বলেছেন চেন্নাইয়ের প্রাক্তন?
সূত্রের খবর, এ প্রসঙ্গে বদ্রীনাথ বলেছেন, “ধোনি সব ম্যাচে খেলবে এ রকম কোনও প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না জানি না। ওদের কর্তা বলেছেন যে সিদ্ধান্ত দলের পক্ষে ভাল সেটাই নেওয়া হবে। সে ক্ষেত্রে ফ্লেমিংকে (চেন্নাই কোচ) গিয়ে ধোনিকে বলতে হবে, তুমি এই ম্যাচে খেলছো না। আমরা তোমাকে বাদ দিচ্ছি। আমার মনে হয় না ফ্লেমিং কখনও এমন করবে। কী ভাবে ও ধোনিকে গিয়ে বাদ দেওয়ার কথা বলবে? আমার মতে ব্যাপারটা অসম্ভব।”
এখানেই শেষ নয়, বদ্রীনাথ আরও বলেছেন, “ফ্লেমিংই হোক বা অন্য কেউ, বিশ্বের কোনও সাপোর্ট স্টাফের ক্ষমতা নেই ধোনিকে গিয়ে বলার যে ও ইমপ্যাক্ট প্লেয়ার বা ও পরের ম্যাচে খেলবে না। কোনও সম্ভাবনাই নেই। ফলে ও সব ম্যাচে খেলবে এটা ধরে নেওয়াই ভালো।”
ট্যাগ:


