কে হবে আইপিএল ২০২৬-এর চ্যাম্পিয়ন? আইপিএল শুরুই আগেই এই কিংবদন্তির তরফে চলে এল বিরাট ভবিষ্যদ্বাণী!
এখন সবার মনে যে প্রশ্নটা ঘোরাফেরা করছে তা হল, কে হবে আইপিএলের এই মরশুমের চ্যাম্পিয়ন? এই প্রশ্নেরই এবার উত্তর দিয়ে দিলেন প্রাক্তন ব্যাটার ও ধারাভাষ্যকার আকাশ চোপড়া।

হাতে আর মাত্র কয়েকটা দিন। তারপরেই শুরু হয়ে যাবে বহুল প্রতীক্ষিত আইপিএল ২০২৬। ইতিমধ্যেই প্রত্যেকটি দল তাদের প্রস্ততি পর্ব শুরু করে দিয়েছে। কিন্তু এখন সবার মনে যে প্রশ্নটা ঘোরাফেরা করছে তা হল, কে হবে আইপিএলের এই মরশুমের চ্যাম্পিয়ন? এই প্রশ্নেরই এবার উত্তর দিয়ে দিলেন প্রাক্তন ব্যাটার ও ধারাভাষ্যকার আকাশ চোপড়া।
আইপিএল ২০২৬ নিয়ে কী ভবিষ্যদ্বাণী করলেন আকাশ চোপড়া?
এখনও আইপিএল শুরু হতে প্রায় দু'সপ্তাহ বাকি। কিন্তু, তার আগেই আইপিএল ২০২৬-এ কোন দল চ্যাম্পিয়ন হবে তা নিয়ে ভবিষ্যদ্বাণী করে দিলেন আকাশ চোপড়া। ধারাভাষ্যকার হিসেবে অত্যন্ত জনপ্রিয় ভারতের এই প্রাক্তন ক্রিকেটারের বিশ্লেষণকে অনেকেই মজা করে বলেন ‘আকাশ-বাণী’। আর সেই বাণীই এ বার শোনা গেল তাঁর মুখে। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, এই মরশুমের আইপিএলে কোন দল চ্যাম্পিয়ন হবে। এমনকি কমলা টুপি ও বেগনি টুপি কে পাবেন, সেটাও জানিয়ে দিয়েছেন আকাশ চোপড়া।
কী বললেন আকাশ চোপড়া?
সম্প্রতি প্রকাশিত একটি ইউটিউব ভিডিওতে আকাশ চোপড়া বলেন, “এই বার চেন্নাই সুপার কিংস বা কলকাতা নাইট রাইডার্স পারবে না। এই বার মুম্বই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পঞ্জাব কিংস প্লে-অফে উঠবে। চ্যাম্পিয়ন হবে দিল্লি।”
এর পাশাপাশি ব্যাট ও বল হাতে দুই সেরা ক্রিকেটারের নামও জানিয়ে দিলেন এই ধারাভাষ্যকার। এ প্রসঙ্গে তিনি বললেন, “কমলা টুপি জিতবে সঞ্জু স্যামসন। বেগনি টুপিক মালিক হবে জসপ্রীত বুমরাহ।” সদ্য সমাপ্ত টি-২০ বিশ্বকাপের ভারতের সেরা ব্যাটার ও বোলার ছিলেন সঞ্জু ও বুমরাহ। সুতরাং, এবারের আইপিএলেও তাঁদের উপরেই ভরসা দেখিয়েছেন আকাশ।
বিরাট কোহলির বেঙ্গালুরুর কী হবে?
গত বার আইপিএলের ট্রফি জিতেছে বেঙ্গালুরু। দীর্ঘ ১৮ বছর পর আইপিএলের ট্রফি জয়ের স্বপ্নপূরণ হয়েছে বিরাট কোহলির। এ বারেও কোহলিরা প্লে-অফে উঠবেন, এমনটাই আশা করছেন আকাশ চোপড়া। এই মরশুমের আইপিএলের আগে নিলামে ১০ দলই ফাঁক ভরাট করার চেষ্টা করেছে বলা যায়। এমনকি কলকাতা নাইট রাইডার্সের দল অনেকটাই বদলে গিয়েছে। এ বার নতুন বিদেশিদেরও দেখা যাবে। পাশাপাশি, আকাশ বাজি রেখেছেন দিল্লির উপরেও।
কোন দলগুলো আইপিএলে একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি?
আইপিএলে বেশ কয়েকটি দল এক বারও চ্যাম্পিয়ন হতে পারেনি। এই তালিকায় রয়েছে দিল্লি। ফাইনালে উঠেও তাদের হারতে হয়েছে। এমনকি গত বার প্লে-অফে উঠতে পারেননি অক্ষরেরা। এছাড়াও, পঞ্জাব কিংসও আইপিএল জিততে পারেনি।
ট্যাগ:


