"...এরা কীভাবে দেশের ভাগ্য বদলাবে?", পাকিস্তান ক্রিকেট দলের পরপর ব্যর্থতার জেরে এবার পিসিবি চেয়ারম্যান নকভিকে একহাত নিলেন এই পাক ক্রিকেটার!
গোটা টি-২০ বিশ্বকাপজুড়ে কার্যত হতশ্রী পারফরম্যান্স করেছে পাকিস্তান ক্রিকেট দল। এর উপরে আবার বাংলাদেশের সঙ্গেও ওয়ানডে সিরিজে হারতে হয়েছে সলমন আলি আঘা, শাহিন শাহ আফ্রিদিদের।

সাম্প্রতিককালে পাকিস্তান ক্রিকেট দলের পারফরম্যান্স নিয়ে চারিদিকে সমালোচনা চলছে। টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর সুপার এইটে উঠেছিল পাক ক্রিকেট দল ঠিকই, কিন্তু শেষমেষ সেমিফাইনালে যেতে পারেনি। গোটা টি-২০ বিশ্বকাপজুড়ে কার্যত হতশ্রী পারফরম্যান্স করেছে পাকিস্তান ক্রিকেট দল। এর উপরে আবার বাংলাদেশের সঙ্গেও ওয়ানডে সিরিজে হারতে হয়েছে সলমন আলি আঘা, শাহিন শাহ আফ্রিদিদের। পর পর ব্যর্থতার পর নিজেদের দেশেও এবার প্রবল সমালোচনার মুখে পড়তে হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নকভিকে। তাঁকে এবার নিশানা করে একহাত নিলেন পাক ক্রিকেটার আহমেদ শেহজাদ। নকভির দিকেই আঙ্গুল তুললেন তিনি।
পিসিবি প্রধান মহসিন নকভির বিরুদ্ধে কী অভিযোগ তুললেন আহমেদ শেহজাদ?
বর্তমানে পিসিবি-র প্রধান হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন মহসিন নকভি। তাই পাকিস্তানের খারাপ পারফরম্যান্স নিয়ে এবার নিজের ইউটিউব চ্যানেলে ক্ষোভ উগরে দিলেন শেহজাদ।
নকভিকে নিয়ে কী জানালেন শেহজাদ: সূত্রের খবর, তিনি নকভির সম্পর্কে বলেন, "পিসিবি পাঁচ-সাত বছর আগে পাকিস্তান সুপার লিগের মাধ্যমে যে মানের ক্রিকেটারদের ব্র্যান্ড হিসাবে তুলে ধরেছিল, বর্তমান ক্রিকেটারদের মান একেবারেই সেই পর্যায়ে নয়। এই ৬-৮ জন খেলোয়াড়ই এখন পিএসএল এবং পাকিস্তান দলের মুখ। এরা কীভাবে দেশের ভাগ্য বদলাবে?"
একের পর এক অভিযোগ উঠল নকভির বিরুদ্ধে:
এখানেই শেষ নয়, শেহজাদের আরও অভিযোগ, বোর্ড নির্দিষ্ট কয়েকজন ক্রিকেটারকেই বরাবর বাড়তি সুবিধা দিয়ে এসেছে। এ প্রসঙ্গে তিনি বলেছেন, "আপনারা গুনে গুনে কয়েকজনকেই স্পনসরশিপ দিয়েছেন। ওদের হয়ে প্রচার করেছেন। বিপুল অর্থ বিনিয়োগ করেছেন। পিএসএলে অধিনায়কত্বের দায়িত্ব দিয়েছেন। এমনকী পাকিস্তান দলের সম্পূর্ণ দায়িত্ব ওদের হাতে তুলে দিয়েছেন। কিন্তু ওরা কী দিয়েছে? মাঠের সাফল্যের বদলে ব্যক্তিগত স্বার্থ নিয়েই ব্যস্ত থেকেছে ওরা। দেশের জন্য বড় কোনও জয় এনে দিতে পারেনি।"
পাক খেলোয়াড়দেরকেও ছাড়লেন না আহমেদ শেহজাদ!
পাকিস্তানের খেলোয়াড়দের দায়িত্বজ্ঞান নিয়েও প্রশ্ন তুলেছেন শেহজাদ। তিনি বলেছেন, "এত বড় ব্যর্থতার পরও একজন খেলোয়াড়ও দায় স্বীকার করতে প্রস্তুত নয়। এখনও দোষারোপের খেলাই চলছে। কিন্তু তাঁদের অহংকার ভাঙছে না। বর্তমান পিসিবি এতটাই দুর্বল যে, সিদ্ধান্তহীনতায় ভুগছে।"
আরো পড়ুন: ছ’মাস আগে থেকে মদ ছুঁয়েও দেখেননি, আইপিএল ২০২৬-এ নিজেকে নতুনভাবে গড়তে চান যুজবেন্দ্র চাহাল!
শেহজাদের আরও সংযোজন, "যখনই কোনও খেলোয়াড়ের সমালোচনা হয়, তখনই নানা গল্প তৈরি করা হয়। আমার জীবনে এত দুর্বল পিসিবি আমি দেখিনি। নতুন প্রতিভা তুলে আনার কাজ তাদের করার কথা ছিল। তা হয়নি। প্রতিটি টুর্নামেন্টের পর নতুন নতুন কৌশল দেখানোর চেষ্টা করা হচ্ছে। এখন সাধারণ মানুষও এসব বুঝে গিয়েছে।"
নকভিকে নিয়ে এর আগে কী বলেছিলেন কামরান আকমল:
প্রসঙ্গত, এর আগে মহসিন নকভিকে নিশানা করে প্রাক্তন পাক ক্রিকেটার কামরান আকমল বলেছিলেন, “যদি অন্য দলগুলিকে হারাতেই না পারো, তাহলে এবার কি আইসিসি ট্রফিও চুরি করে দেশে নিয়ে আসবে?”
সুতারাং, পাকিস্তান ক্রিকেট দলের সাম্প্রতিক পারফরম্যান্সে যে দেশে তুমুল সমালোচনা ও বিতর্ক চলছে তা কার্যত স্পষ্ট।
ট্যাগ:


