কঠিন অবস্থা হর্ষিত রানার, ক্রাচ নিয়ে হাঁটতে হচ্ছে! কেকেআর ঘোষণা করেনি কিন্তু হর্ষিতের আইপিএল প্রায় 'শেষ'!
কেকেআর এখনও জানায়নি, আইপিএলে হর্ষিত খেলতে পারবেন কিনা। কিন্তু তাঁর চোটের যা হাল, তাতে এই মরশুমের আইপিএল খেলার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।

হর্ষিত রানা, ভারতীয় ক্রিকেট জগতের এক অন্যতম নাম। কিন্তু, সাম্প্রতিককালে হর্ষিত রানার শারীরিক অবস্থা একেবারেই ভালো নয়। হর্ষিত রানা এখন কতটা সুস্থ, তা নিয়ে কলকাতা নাইট রাইডার্সের সমর্থকদের মধ্যে জল্পনা তুঙ্গে। যদিও কেকেআর এখনও জানায়নি, আইপিএলে হর্ষিত খেলতে পারবেন কিনা। কিন্তু তাঁর চোটের যা হাল, তাতে এই মরশুমের আইপিএল খেলার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।
কী হয়েছে হর্ষিত রানার?
রবিবার বিসিসিআইয়ের একটি অনুষ্ঠানে গিয়েছিলেন হর্ষিত রানা। গত বছর পুরুষদের ক্রিকেটে সেরা অভিষেক হওয়া ক্রিকেটারের পুরস্কার লাভ করেন তিনি। কিন্তু দুঃখের কথা হল, চেয়ার ছেড়ে মঞ্চে উঠতেই পারেননি হর্ষিত। আইপিএলের চেয়ারম্যান অরুণ ধূমল নিজে মঞ্চ থেকে নেমে এসে হর্ষিতের কাছে গিয়ে তাঁর হাতে পুরস্কার তুলে দেন।
হর্ষিতের ভিডিও ভাইরাল হয়েছে:
হর্ষিত রানার আরও একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে, ক্রাচ নিয়ে হাঁটছেন হর্ষিত রানা। ভারতীয় বোর্ডের সেই অনুষ্ঠানে তিনি গেছিলেন ঠিকই, কিন্তু হাঁটতে কষ্ট হচ্ছিল এই পেসারের। ডান হাতে ক্রাচ নিয়ে কোনও রকমে হাঁটছিলেন তিনি। আর তাই তাঁর হাঁটতে যাতে সমস্যা না হয়, তার জন্য সামনের ভিড় সরিয়ে দিচ্ছিলেন হর্ষিতের নিরাপত্তারক্ষীরা।
আইপিএল ২০২৬-এ কি তাহলে খেলতে পারবেন না হর্ষিত?
আইপিএল ২০২৬ শুরু হতে আর বলতে গেলে দু’সপ্তাহও বাকি নেই। আগামী ২৮শে মার্চ থেকে শুরু হয়ে যাচ্ছে এই মরশুমের আইপিএল। এদিকে হর্ষিত রানা তো হাঁটতেই পারছেন না। বল করার জন্য দৌড়েতে হবে। যদিও সেই ফিটনেস পেতে এখনও বেশ কিছু দিন সময় লাগবে তাঁর। কেকেআর কিছু না জানালেও বোঝা যাচ্ছে যে, হর্ষিত এ বারের আইপিএলে খেলতে পারবেন না।
হর্ষিতের ব্যাপারে কি কেকেআর কিছু জানিয়েছে:
এখনও পর্যন্ত দল সরকারি ভাবে কিছু না জানালেও কেকেআরের এক সূত্র ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন যে, হর্ষিতকে আইপিএল-এ পাওয়া যাবে না। তাই কেকেআরের পেস আক্রমণ কার্যত সমস্যায় রয়েছে। মুস্তাফিজুর রহমানের পরিবর্তে ব্লেসিং মুজারাবানিকে সই করানো হয়েছে বলেই খবর। এ বার হর্ষিতের পরিবর্তে আকাশ মাধোয়াল, সিমরজিৎ সিংহ, চেতন সাকারিয়াদের দিকে বিশেষ নজর রয়েছে কলকাতার। যদিও এখন দেখার, ঠিক কবে হর্ষিতের পরিবর্ত ক্রিকেটারের নাম ঘোষণা করে কেকেআর কতৃপক্ষ।
ট্যাগ:


