১৫তেই বাজিমাত 'বাচ্চা' বৈভবের! ২৮ বলে ১০০ আর ৫২ বলে ২০০ রান করে বিশ্বরেকর্ড গড়লেন সূর্যবংশী!
বয়স ১৫ হলে কী হবে, কব্জির জোর তাবড় তাবড় ক্রিকেটারদেরও হার মানাবে। ২২ গজের মাঠে ফের এক অবিশ্বাস্য কাণ্ড ঘটালেন ভারতের বিস্ময়বালক বৈভব সূর্যবংশী। মাত্র ১৫ বছর বয়সেই একের পর এক বিশ্বরেকর্ড নিজের নামে করে নিলেন এই ব্যাটার। জানেন, কী রেকর্ড গড়লেন আজ বৈভব?

বয়স ১৫ হলে কী হবে, কব্জির জোর তাবড় তাবড় ক্রিকেটারদেরও হার মানাবে। ২২ গজের মাঠে ফের এক অবিশ্বাস্য কাণ্ড ঘটালেন ভারতের বিস্ময়বালক বৈভব সূর্যবংশী। মাত্র ১৫ বছর বয়সেই একের পর এক বিশ্বরেকর্ড নিজের নামে করে নিলেন এই ব্যাটার। লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম শতরান ও দ্রুততম দ্বিশতরান করার নজির গড়লেন বিহারের বৈভব। দোহায় এশিয়া কাপ রাইজিং স্টার্সের গ্রুপ পর্বের ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ভারত ‘এ’-র হয়ে মাত্র ৫৩ বলেই ২০৪ রানের বিধ্বংসী ইনিংস খেলে সবাইকে তাক লাগিয়ে দিলেন বৈভব।
২৮ বলেই ১০০ এবং ৫২ বলে ২০০ রান করেন বৈভব!
এদিন মাত্র ২৮ বলেই শতরান পূর্ণ করেন বৈভব। ফলে জেক ফ্রেজার-ম্যাকগার্কের দ্রুততম শতরানের রেকর্ড এবার ভেঙে দিলেন বৈভব। আগের রেকর্ডটি গড়তে ফ্রেজার-ম্যাকগার্কের লেগেছিল ২৯ বল। তবে শতরান করার পরেও থামেননি বিহারের এই বিস্ময় প্রতিভা। কারণ, পরের ১০০ রান করতে তাঁর সময় লাগে মাত্র ২৪ বল। অর্থাৎ কেবলমাত্র ৫২ বলেই ২০০ রানের মাইলফলক স্পর্শ করেন তিনি। এর আগে লিস্ট ‘এ’ ক্রিকেটে সবচেয়ে দ্রুততম দ্বিশতরানের রেকর্ড ছিল চ্যাড বোয়েসের দখলে। ১০৩ বলে দ্বিশতরান করেছিলেন তিনি। এবার সেই রেকর্ড কার্যত চূর্ণ করে দিলেন বৈভব।
কী কী রেকর্ড গড়লেন 'বাচ্চা' বৈভব?
এটি ছিল লিস্ট ‘এ’ ক্রিকেটে বৈভবের দ্বিতীয় শতরান। তবে এই একটি ইনিংসেই একসঙ্গে চারটি বড় রেকর্ডও গড়লেন বৈভব। এর আগে চলতি বছর শ্রীলঙ্কা ‘এ’-র বিরুদ্ধে মাত্র ১১ বলে অর্ধশতরান করে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম অর্ধশতরানের রেকর্ড গড়েছিলেন। কিন্তু এবার সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ২৮ বলে দ্রুততম শতরান, ৪০ বলে দ্রুততম ১৫০ রান এবং ৫২ বলে দ্রুততম দ্বিশতরান করার নজির গড়লেন।
আরও পড়ুন- আর্যবীর সেহবাগকে আইপিএলের কোন দলের হয়ে খেলতে দেখতে চান বাবা বীরেন্দ্র সেহবাগ?
উল্লেখ্য, ১৫০ রানের রেকর্ডটিও আগে বৈভবেরই দখলে ছিল। গত বছর অরুণাচল প্রদেশের বিরুদ্ধে বিহারের হয়ে ৫৯ বলে ১৫০ রান করেছিলেন তিনি।
ছক্কা হাঁকানোর ইতিহাস তৈরি করলেন বৈভব:
শুধুমাত্র রান করার ক্ষেত্রেই নয়, ছক্কা হাঁকানোর ক্ষেত্রেও ইতিহাস তৈরি করেছেন বৈভব। এই ইনিংসে মোট ২৮টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। লিস্ট ‘এ’ ক্রিকেটের একটি ইনিংসে সর্বাধিক ছক্কা মারার রেকর্ডও এখন বৈভবের দখলে। এর আগে ২০১৮ সালে কুইন্সল্যান্ডের বিরুদ্ধে ডি’আর্সি শর্টের ২৩টি ছক্কার রেকর্ড ছিল সর্বোচ্চ।
বৈভবের ব্যাটিং তান্ডব দেখে হতবাক সবাই:
বৈভবের ২০৪ রানের ইনিংসের সৌজন্যে ভারত ‘এ’ মাত্র ১৪.২ ওভারেই ২৫০ রানের লক্ষ্য পূরণ করে ফেলে। ম্যাচের ১৩তম ওভারেই দ্বিশতরান পূর্ণ করেন এই তরুণ ব্যাটার। বৈভবের এমন বিধ্বংসী ব্যাটিং দেখে কার্যত বাকরুদ্ধ হয়ে যান সতীর্থরাও।
আরও পড়ুন- পাত্তা দেয়নি KKR, এবার ছক্কার তান্ডবে সমালোচকদের জবাব দিলেন এই তরুণ তুর্কি!
বৈভবের প্রসংশায় পঞ্চমুখ তিলক:
ম্যাচের পর ভারত ‘এ’-র অধিনায়ক তিলক বর্মা বৈভবের প্রশংসায় মেতে ওঠেন। বৈভবকে নিয়ে তিনি বলেন, “ওর জন্য বলার মতো কোনও শব্দ নেই। এক কথায় বলতে গেলে, এটা ছিল সম্পূর্ণ ধ্বংসলীলা। প্রথম পাঁচ ওভারেই ম্যাচ শেষ হয়ে গিয়েছিল। পাঁচ ওভারে আমরা ১০০ রান করে ফেলেছিলাম। এরপর যেভাবে ও ইনিংস এগিয়ে নিয়ে গেল, তা অবিশ্বাস্য। ও কীভাবে ছক্কা মারতে পারে, সেটা সবাই জানে। ও যখন একের পর এক বড় শট খেলছিল, তখন সবাই বলছিল, ‘আরও মারো, আরও মারো’। সবাই দারুণ উপভোগ করছিল। বল চার হলেও কেউ সেইদিকে তাকাচ্ছিল না, সবাই চাইছিল বলটা যেন ছক্কা হয়। সত্যিই অসাধারণ একটি ইনিংস, যা একেবারে দেখার মতো। আমার দেখা একটা অন্যতম সেরা ইনিংস।”