১৩ বছর আগে ৬ নভেম্বর অভিষেক, আর ২০২৬-এর ৬ নভেম্বর অবসর! অভিমানের জেরেই কি টেস্ট থেকে অবসর নিলেন শামি?
মহম্মদ শামি, ভারতীয় ক্রিকেটের এক অনন্য নাম। ভারতীয় ক্রিকেটের লাল বলের লড়াইয়ে দীর্ঘ ১৩ বছরের যাত্রায় এবার পূর্ণচ্ছেদ দিলেন মহম্মদ শামি। যে দিনটা তাঁর কাছে ছিল স্বপ্নপূরণের দিন, ঠিক সেই দিনেই টেস্ট ক্রিকেটকে 'আলবিদা' জানালেন বাংলার এই তারকা পেসার।

মহম্মদ শামি, ভারতীয় ক্রিকেটের এক অনন্য নাম। ভারতীয় ক্রিকেটের লাল বলের লড়াইয়ে দীর্ঘ ১৩ বছরের যাত্রায় এবার পূর্ণচ্ছেদ দিলেন মহম্মদ শামি। যে দিনটা তাঁর কাছে ছিল স্বপ্নপূরণের দিন, ঠিক সেই দিনেই টেস্ট ক্রিকেটকে 'আলবিদা' জানালেন বাংলার এই তারকা পেসার। ২০১৩ সালের ৬ নভেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছিল শামির। আর ২০২৬ সালের ৬ নভেম্বর, ঠিক ১৩ বছর পর সেই লাল বলের ক্রিকেট থেকেই নিজের অবসর ঘোষণা করলেন তিনি। কিন্তু এখানেই উঠছে প্রশ্ন, শুধুই কি বয়স ও শারীরিক ধকলের কারণেই এই সিদ্ধান্ত নিলেন তারকা পেসার? নাকি দীর্ঘদিন জাতীয় দলের টেস্ট দলে সুযোগ না পাওয়া এবং বারবার বঞ্চিত হওয়ার অভিমানও কাজ করেছে এই সিদ্ধান্তের পিছনে?
টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেন মহম্মদ শামি!
৬ নভেম্বর, শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন ভিডিও বার্তার মাধ্যমে নিজের অবসরের কথা জানান মহম্মদ শামি। সেখানে ২৭৯ নম্বর টেস্ট টুপির কথা উল্লেখ করে নিজের দীর্ঘ ক্রিকেটীয় সফরের স্মৃতিচারণও করেন তিনি। একটা ছোট্ট গ্রাম থেকে উঠে এসে দেশের জার্সি গায়ে চাপিয়ে জাতীয় দলে খেলার স্বপ্ন যে একদিন বাস্তব হবে, তা কখনও ভাবেননি বলেও জানিয়েছেন তারকা পেসার। এই দীর্ঘ যাত্রায় আল্লাহ, মা-বাবা, পরিবার, সতীর্থ এবং সমর্থকদের প্রতি নিজের কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শামি। পাশাপাশি, বিসিসিআই এবং বাংলা ক্রিকেট অ্যাসোসিয়েশনকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি।
আরও পড়ুন- ৭ কোটি টাকা কম বেতনে এবার CSK-তে লিয়াম লিভিংস্টোন, এই ৪ ক্রিকেটারের জন্য বড় ট্রেড চূড়ান্ত!
২০১৩ সালের ৬ নভেম্বর আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছিল শামির:
২০১৩ সালের ৬ নভেম্বর আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে পা রাখেন শামি। এর পর থেকে ভারতীয় বোলিং আক্রমণের অন্যতম ভরসা হয়ে উঠেছিলেন তিনি। বিশেষ করে বিদেশের মাটিতে তাঁর সিম মুভমেন্ট, গতি এবং নিখুঁত লাইন-লেংথ বিপক্ষ ব্যাটারদের বারংবার সমস্যায় ফেলেছে। ৬৪টি টেস্ট ম্যাচে তাঁর ঝুলিতে রয়েছে ২২৯টি উইকেট। ২০২৩ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল পর্যন্ত ভারতীয় টেস্ট দলের হয়ে নিয়মিত অসাধারণ ভূমিকা পালন করেছেন তিনি। কিন্তু তারপর থেকেই লাল বলের ক্রিকেটে তাঁর ভবিষ্যৎ নিয়ে তৈরি হয় বড়সড় অনিশ্চয়তা।
ভালো পারফরম্যান্স করা সত্ত্বেও কেন অবসর ঘোষণা করলেন শামি?
সাম্প্রতিক সময়ে শামির ফিটনেস নিয়ে নানান আলোচনা হলেও ঘরোয়া ক্রিকেটে তাঁর পারফরম্যান্স কিন্তু একেবারেই খারাপ ছিল তা বলা যায় না। রনজি ট্রফিতে বাংলার হয়ে নিয়মিত উইকেট তুলেছেন তিনি। কিন্তু এরপরেও জাতীয় দলের টেস্ট স্কোয়াডে প্রত্যাবর্তনের সুযোগ পাননি। একাধিকবার তাঁর প্রত্যাবর্তনের দাবি উঠলেও নির্বাচকদের আস্থাভাজন হয়ে উঠতে পারেননি তিনি। ফলে অনেকেরই অনুমান, দীর্ঘদিন উপেক্ষিত থাকার অভিমান হয়তো তাঁর এই সিদ্ধান্তের পিছনে অন্যতম কারণ। যদিও অবসরের কারণ হিসেবে সরাসরি কোনওরকম কোনো অভিযোগ করেননি শামি।
টি-২০, আইপিএল এবং ওডিআইতে খেলবেন শামি:
যদিও ক্রিকেটপ্রেমীদের জন্য স্বস্তির খবর হল টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেও সাদা বলের ক্রিকেট থেকে এখনই সরে যাচ্ছেন না শামি। অর্থাৎ একদিনের ক্রিকেট, টি-২০ এবং আইপিএলে তাঁকে দেখা যাওয়ার সম্ভাবনা থাকছে। বাংলার হয়ে সাদা বলের ঘরোয়া ক্রিকেটেও খেলতে পারেন এই অভিজ্ঞ বোলার। তবে আগামী দিনে বাংলার হয়ে রনজি ট্রফিতে তাঁকে আর দেখা যাবে কি না, তা কার্যত এখনও স্পষ্ট নয়।
সুতরাং, দীর্ঘ ১৩ বছরের টেস্ট কেরিয়ারে ২২৯টি উইকেট নিয়ে লাল বলকে বিদায় জানালেন শামি। কিন্তু তাঁর এই বিদায়ের পিছনে কি শুধুই ক্রিকেটীয় সিদ্ধান্ত, নাকি নিজের মনের অন্তরালে জমে থাকা অভিমানও রয়েছে? এই প্রশ্নের উত্তর আপাতত অজানাই থেকে গেল।




